
X
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করছেন জেলা পরিষদের প্রশাসক শামীম
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, সাম্প্রতিক বন্যার কারণে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে বাঁশখালীর মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। অনেক পরিবার ঘরবাড়ি, কৃষিজমি ও জীবিকার উৎস হারিয়েছে। বাঁশখালীতে বন্যায় যে সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে রয়েছে সরকার।
রোববার (২ আগস্ট) বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের সহযোগিতায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের নৈতিক দায়িত্ব। এই প্রাকৃতিক বন্যায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা শুরু থেকেই বাঁশখালীতে দুর্যোগপ্রবণ বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে।
তিনি বলেন, 'বন্যার পানি নেমে গেলেও প্রকৃত চ্যালেঞ্জ এখন পুনর্বাসন। ক্ষতিগ্রস্ত মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগ নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন। অতীতের মতো ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে আমাদের বিএনপি।'
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, ইব্রাহিম খলিল, দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, পৌরসভা বিএনপির সদস্য সচিব আইয়ুব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. নাছির উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. শওকত ওসমান, শিলকূপ ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস ছবুর, ফরহাদুল ইসলাম, আজিম উদ্দিন, সদস্য এসএম তৈয়ব, বেলাল মাহমুদ প্রমুখ।'#