প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:১৯ পিএম (ভিজিট : ২০)

X
ছবি : প্রতিনিধি
মাগুরা পৌর এলাকার ভায়না টিটিডিসি পাড়ায় নিজ ঘরে আগুনে পুড়ে কামরুল হাসান শিবলু (৪৫) নামে এক মোটরশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল হাসান শিবলু ওই এলাকার আকবর মুন্সির ছেলে। তিনি মোটরশ্রমিক হিসেবে কাজ করতেন। পরিবারের সদস্যদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
নিহতের ছেলে পাভেল খান জানান, রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার বাবার কথা কাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে শিবলু পরিবারের সবাইকে বাড়ি থেকে বের করে দেন। পরে তিনি ঘরের ভেতর থেকে দরজা-জানালা বন্ধ করে দেন। একপর্যায়ে ঘরের শুকনো কাপড়-চোপড় এক জায়গায় করে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে আগুন ধরিয়ে দেন বলে পরিবারের অভিযোগ।
আগুন লাগার পর মুহূর্তের মধ্যে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মাগুরা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘরের দরজা বন্ধ থাকায় জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করা হয়। পরে ঘরের ভেতর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের করে দিয়ে ওই ব্যক্তি ঘরের ভেতর আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।