ঢালিউডে অভিষেক মধুমিতার, ফিরছেন আমিন খান

অনলাইন ডেস্ক

বিনোদন

অর্ধযুগের বেশি সময় পর সিনেমায় ফিরছেন আমিন খান। ‘গুলশানের চামেলি’ নামের তারকাবহুল সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। শনিবার

2026-08-03T16:03:20+00:00
2026-08-03T16:03:20+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ঢালিউডে অভিষেক মধুমিতার, ফিরছেন আমিন খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ১৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

অর্ধযুগের বেশি সময় পর সিনেমায় ফিরছেন আমিন খান। ‘গুলশানের চামেলি’ নামের তারকাবহুল সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মহরত অনুষ্ঠানে জানানো হয় অভিনয়শিল্পীদের নাম। 

এতে আরও অভিনয় করবেন মধুমিতা সরকার, রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়া প্রমুখ। চলচ্চিত্রে তিন দশকের ক্যারিয়ার আমিন খানের। অভিষেক হয়েছিল ১৯৯৩ সালে মোহাম্মদ হোসেনের ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রে। এরপর উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক সিনেমা। ২০১০ সাল থেকে অনিয়মিত হয়ে পড়েন। গত বছর সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফেরেন তিনি। তবে এই সিনেমার শুটিং করেছিলেন ২০১৮-১৯ সালে। অবশেষে গুলশানের চামেলি দিয়ে আবার যুক্ত হলেন নতুন সিনেমায়।

দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে আমিন খান বলেন, ‘খুব ভালো লাগছে, অনেক দিন পর সিনেমায় কাজ করছি। আমি বলব, সুযোগ হয়েছে। মাঝে অনেকটা সময় গ্যাপ দিয়েছি। কেন জানি না ব্যাটে-বলে মিলছিল না। নির্মাতা ইকবাল যখন প্রস্তাব দিল, তখন মনে হলো সিনেমাটি করা যায়। এ ছাড়া এ সিনেমায় গুণী অনেক শিল্পী কাজ করছেন। সবার চেষ্টা থাকবে একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার।’

গুলশানের চামেলি নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে। গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীকে ঘিরে, কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হয় সে। এই চরিত্রে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। এই সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে মধুমিতার। এর আগে ২০১৬ সালে মোশাররফ করিমের সঙ্গে একটি টিভি নাটকে অভিনয় করলেও এবারই প্রথম ঢাকাই সিনেমায় অভিনয় করবেন তিনি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন মধুমিতা। বাংলাদেশে প্রথম কাজের অভিজ্ঞতা ও দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে মধুমিতা সরকার বলেন, ‘যে পরিচিতি, যে ভালোবাসা, আর যে উৎসাহটা আজ আপনাদের চোখে দেখতে পাচ্ছি, তা সত্যিই অসাধারণ। আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন এবং সিনেমাটি নিয়ে আপনারা এতটা রোমাঞ্চিত যে, এটার প্রতি আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে।’ 

দর্শকদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দিয়ে মধুমিতা সরকার বলেন, ‘সিনেমাটি মুক্তি পাওয়ার পর আপনারা যখন অনেক ভালো মন নিয়ে প্রেক্ষাগৃহে যাবেন, সেখানে আমার অভিনয়ের অনেক বড় একটি ভূমিকা থাকবে। আমি কোনোভাবেই চাই না, আপনারা সিনেমাটি দেখে নিরাশ হন। তাই এই জায়গা থেকে মনে করি, এটা আমার জন্য বিশাল এক দায়িত্ব।’ 

‘গুলশানের চামেলি’ সিনেমার গল্প ও নিজ চরিত্র প্রসঙ্গে মধুমিতা জানান, এই ধরনের কাজ তিনি আগে কখনো করেননি। চরিত্রটি বেশ জটিল ও চ্যালেঞ্জিং। তার ভাষায়, ‘আমার ওপর এতটা ভরসা রেখে ‘গুলশানের চামেলি’ সিনেমায় আমাকে নেওয়া হয়েছে, তার জন্য কৃতজ্ঞ। তবে ‘চামেলি’ চরিত্রটি ফুটিয়ে তোলা বেশ কঠিন। কারণ এখানে ভালো আর খারাপের মাঝখানে খুব সূক্ষ্ম একটি রেখা আছে। অভিনয় যদি একটু এদিক-ওদিক হয়ে যায়, তবে পুরো গল্প পরিবেশনের আমেজটাই বদলে যেতে পারে।’ 

সংবাদকর্মী ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান মধুমিতা। পাশাপাশি এ অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশে এটি আমার প্রথম সিনেমা, আর প্রথম সিনেমাতেই এত বড় গুরুদায়িত্ব পেয়েছি। আমার ওপরে আপনারা যে ভরসা রেখেছেন, আশা করি আমি আপনাদের নিরাশ করব না।’ 

অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। পাঁচ বছর আগে গুলশানের চামেলির ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ ইকবাল। তবে নানা জটিলতায় শুরু হয়নি কাজ। অবশেষে শুরু হচ্ছে শুটিং। নির্মাতা জানান, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে শুটিং শুরু করার পরিকল্পনা করা হয়েছে। আগামী বছরের কোনো এক ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে গুলশানের চামেলি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy