উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুরের কুটিরপাড়া, আলমনগরস্থ শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরাম-এর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এসএসসি-২০২৫ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরাম-এর সভাপতি মোঃ নজির হোসেন সভাপতিত্বে পুরস্কার বিতরণ, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়তী চৌধুরী, রূপালী ব্যাংক সেন্ট্রাল রোড শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. জাহাঙ্গীর আলম, রূপালী ব্যাংক রেলওয়ে ক্রসিং কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. মঞ্জুর মোর্শেদ এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আব্দুল খালেক সরকার।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা, খেলাধুলা ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে চিত্রাঙ্কন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে এসএসসি-২০২৫ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়।
পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।