প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:০২ এএম (ভিজিট : ৩৮)

X
ছবি: প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন বলেছেন, বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে।
তিনি অভিযোগ করেন, আন্দোলনের বিভিন্ন সময়ে কিছু রাজনৈতিক দল স্বৈরাচারবিরোধী অবস্থান থেকে সরে গিয়ে আপসের পথ বেছে নিয়েছিল। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ সময় মামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামী আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করে স্বৈরাচারের সাথে আপোষ করেছিল।
জুলাই সনদ প্রসঙ্গে ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপি যেসব বিষয়ে একমত হয়েছে, কেবল সেসব বিষয় বাস্তবায়নে দল প্রতিশ্রুতিবদ্ধ। আপত্তি থাকা বিষয়গুলো বাস্তবায়নে বিএনপি বাধ্য নয় বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা না করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, এনসিপির নেতারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ না দিয়ে আনন্দবিহারে কক্সবাজার চলে গিয়েছিল।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় জামালপুরে জেলা বিএনপি আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।
সমাবেশে জেলা, সদর উপজেলা ও পৌর বিএনপির নেতারা বক্তব্য দেন। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।