প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:৪৪ পিএম (ভিজিট : ১৪)

X
প্রতীকী ছবি
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে আশরাফ আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি গ্রামে বাড়ির পাশে গাছ কাটার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। নিহত আশরাফ আলী ওই গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আশরাফ আলী নামের ওই যুবক বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি গাছ কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী মঞ্জুরুল ইসলাম বলেন, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সাপোর্টের জন্যে রেফার্ড করা হয়েছিল। কিন্তু সেখানে নেওয়ার প্রস্তুতির সময় তাঁর মৃত্যু হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।