প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:০৪ পিএম (ভিজিট : ১৩)

X
ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম নগরের খুলশী থানার ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিম প্রকাশ সিলেটি জসিমকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে ভালুকা মডেল থানার গ্যাসলাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মো.জসিম (৩৯) নগরের ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকার সরাফত আলীর ছেলে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম ময়মনসিংহের ভালুকা এলাকায় অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ও র্যাব-১৪ এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, খুলশী থানার ডাকাতি মামলায় জসিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
গ্রেপ্তারের পর জসিমকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।