প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম (ভিজিট : ২০)

X
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে শিশু মারুফ (৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আর এঘটনায় দগ্ধ হওয়া তার বাবা-মা আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারুফের মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকায় সেলিম মিয়ার টিনশেড বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মারুফ, তার বাবা মাইদুল (২৪) ও মা বিউটি (২৪) গুরুতর দগ্ধ হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আগুনে মারুফের শরীরের প্রায় ৯০ শতাংশ, মাইদুলের ৮৫ শতাংশ এবং বিউটির ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারুফের মৃত্যু হয়। তার বাবা-মায়ের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে গিয়ে আগুনের সূত্রপাত হলে এ দুর্ঘটনা ঘটে।