প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৪:১৯ পিএম (ভিজিট : ৩৮)

X
ছবি: প্রতিনিধি
পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৩ বিজিবি)। তবে এসময় ভারতীয় গরু আনার সাথে জড়িত কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
রোববার (০৯ আগস্ট) আনুমানিক ভোর পাঁচ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে যামিনী পাড়া জোন আওতাধীন সীমান্তবর্তী তানাক্কাপাড়া বিওপির একটি টহল দল বিওপি থেকে প্রায় ১.৫ কিলোমিটার পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে পানির পয়েন্টে অভিযানকালে বিজিবি'র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে, মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার ১০টি ভারতীয় গরু আটক করা হয়।
গরুগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ পঞ্চাশ হাজার টাকা বলে ধারনা করা হচ্ছে।
(২৩ বিজিবি) যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতীয় গরু নিয়ে আসছে চোরাকারবারিরা এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা গরুগুলো ফেলে পালিয়ে যায়। এসময় মালিকবিহীন অবস্থায় গরুগুলো আটক করা হয়। আটককৃত ভারতীয় গরুগুলোর বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।