প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:৫৪ এএম (ভিজিট : ১)

X
ছবি : প্রতিনিধি
শেরপুরের বলাইরচর ইউনিয়নের রামেরচর হাই স্কুলে পরীক্ষার ফলাফল নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও বিদ্যালয়ের সব শিক্ষার্থী ফেল করায় সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে বিদ্যালয়ের শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে শিক্ষকদের কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হয়। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে শিক্ষকরা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে বাড়িতে যাওয়ার সুযোগ পান।
লিখিত অঙ্গীকারে শিক্ষকরা বলেন, পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের খাতা পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের খরচ তারা নিজেদের টাকা দিয়ে দেবেন। এছাড়া ২০২৭ সালে ফেল করা বিষয়গুলোতে আবার পরীক্ষা দিতে শিক্ষার্থীদের ফরম পূরণের খরচও তারা বহন করবেন বলে অঙ্গীকার করেন।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও সব শিক্ষার্থী ফেল করায় বিদ্যালয়ের পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের দাবি, কেন এমন ফলাফল হয়েছে তা খুঁজে বের করতে শিক্ষা বিভাগের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হোক। একই সঙ্গে বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।