প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:১৫ পিএম আপডেট: ১১.০৮.২০২৬ ৪:২০ পিএম (ভিজিট : ২)

X
জাকিয়া সুলতানা ইভা
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অসাধারণ ফলাফল অর্জন করে কুমিল্লা জেলায় প্রথম স্থান অধিকার করেছে দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা ইভা।
জাকিয়া সুলতানা ইভা ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ২১৭ নম্বর পেয়ে জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
জাকিয়া সুলতানা ইভা দেবিদ্বার উপজেলার বারুর গ্রামের বাসিন্দা। বাবা মোহাম্মদ জামাল হোসেন ও মা শাহিনুর আকতার, দুজনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বাবা-মায়ের অনুপ্রেরণায় শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছে জাকিয়া সুলতানা ইভা।
ইভার এই অসাধারণ সাফল্যে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার ভবিষ্যৎ স্বপ্ন পূরণ ও আরও বড় সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জাকিয়া সুলতানা ইভা বলেন, ভবিষ্যতে মেডিকেলে লেখা - পড়া করে একজন মানবিক চিকিৎসক হিসেবে মানুষের কল্যাণে কাজ করতে চাই।
ইভার বাবা মোহাম্মদ জামাল হোসেন বলেন, এই কৃতিত্ব শুধু আমাদের পরিবারের জন্য নয়, দেবিদ্বারের শিক্ষাঙ্গনের জন্যও গর্বের। তার এই সাফল্য ভবিষ্যতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। আমার মেয়ের জন্য সকলের নিকট দোয়া চাই।
দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বলেন, জাকিয়ার এই সাফল্যে আমরা বিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের এই স্বীকৃতি ভবিষ্যৎ পথচলায় আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা।