প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:১৭ পিএম (ভিজিট : ০)

X
সরকারি কলেজ ছাত্রদলের কৃতজ্ঞতা
ভালুকা সরকারি কলেজে স্নাতক (সম্মান) পর্যায়ে নতুন বিষয় চালুর অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভালুকা উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে ভালুকা সরকারি কলেজের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে এ কৃতজ্ঞতা জানান তাঁরা। এ সময় উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।
কর্মসূচিতে ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আরিফ পাঠান, সাধারণ সম্পাদক রোহাদ মিয়া, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান প্রান্ত, সহসভাপতি মাহাবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লিমন ও অলিউল্লাহ সাঈদ, দপ্তর সম্পাদক ফয়সাল মল্লিকসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভালুকা সরকারি কলেজে স্নাতক (সম্মান) পর্যায়ে নতুন বিষয় চালুর অনুমোদন শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে ভালুকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে এবং স্থানীয়ভাবে উচ্চশিক্ষার প্রসার ঘটবে।
তাঁরা আরও বলেন, এ সিদ্ধান্তের ফলে ভালুকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে যে বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হতো, তা অনেকটাই কমবে। কলেজে সম্মান পর্যায়ের শিক্ষা সম্প্রসারণের উদ্যোগকে তাঁরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
এ সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে কলেজের সাধারণ শিক্ষার্থীদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।