প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:৩৯ পিএম (ভিজিট : ১)

X
তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল
বগুড়ার ধুনটে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীই ফেল করেছে। মঙ্গলবার (১১ আগস্ট) ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসূত্রে এতথ্য জানাগেছে।
ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসা, কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল কলেজ।
জানাগেছে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসায় শিক্ষক এবং কর্মচারী রয়েছেন প্রায় ২২ জন। তন্মধ্যে ১৬ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী রয়েছেন। ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ওই প্রতিষ্ঠান থেকে ১৪ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেন ১১ জন শিক্ষার্থী। কিন্তু সোমবার অনুষ্ঠিত ফলাফলে দেখা গেছে তারা সকলেই ফেল করেছে।
এছাড়া একইভাবে কান্তনগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ২৫ জন এবং হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল কলেজের ৭ জন শিক্ষার্থীর সকলেই ফেল করেছে। এদিকে একই সঙ্গে সকল শিক্ষার্থীই ফেল করায় শিক্ষকদের দায়িত্ব অবহেলার অভিযোগ করেছেন অভিভাবকবৃন্দ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, শিক্ষকরা শুধু বেতনই তোলেন। অধিকাংশ শিক্ষক-কর্মচারীরাই ঠিকমতো প্রতিষ্ঠানে আসেন না। একারনে সবাই ফেল করেছে।
তবে এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী জানান, প্রতিষ্ঠানগুলো দায়িত্ব অহবেলা থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।