
ট্রাকভর্তি সার জব্দ
ভোলার চরফ্যাশনের মেঘনা নদীর তীর থেকে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সারসহ চারজনকে আটক করেছে চরফ্যাশন থানা-পুলিশ।এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি নৌকা জব্দ করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বেতুয়া মেঘনা নদীর তীর থেকে তাদের আটক করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন—মো. পারভেজ হোসেন (৩৭), মো. সিরাজ (৫৭), মো. সোহেল (২৮) ও মো. শাহারাজ।আটক চারজনই চট্টগ্রামের বাসিন্দা ।পুলিশ সুত্রে জানা যায়, তারা চট্টগ্রাম থেকে ট্রাকযোগে সার নিয়ে চরফ্যাশনে আসেন।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, একটি চক্র চট্টগ্রাম থেকে ট্রাকযোগে সার নিয়ে চরফ্যাশনে আসে। পরে এসব সার নৌকায় করে মিয়ানমারে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন।খবর পেয়ে চরফ্যাশন থানা-পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২৯৩ বস্তা সারসহ চারজনকে আটক করে। এ সময় সারবোঝাই একটি ট্রাক ও একটি নৌকা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।জব্দ করা সার, ট্রাক ও নৌকা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।