প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:৫৬ পিএম (ভিজিট : ১)

X
গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় মাটিরাঙ্গায় প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত
পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ১৭ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ ও প্রাথমিক চিকিৎসা উপকরণ তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।
গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের কারিগরি সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে, মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম সহ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে গর্ভকালীন পরিচর্যা, প্রসবকালীন জরুরি পরিস্থিতিতে করণীয়, নবজাতকের যত্ন এবং শিশুর প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন পিএসসি বলেন, গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা আমাদের সামাজিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। দুর্গম পাহাড়ি এলাকার অনেক মানুষ জরুরী সময়ে দ্রুত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। তাই প্রশিক্ষণার্থীদের এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে তারা নিজেদের পরিবারসহ আশপাশের মানুষের প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ দিতে পারেন। তিনি বলেন, শুধু সনদ গ্রহণ করলেই এ প্রশিক্ষণের উদ্দেশ্য পূরণ হবে না; অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে এলাকার মানুষের পাশে দাঁড়াতে হবে।