প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:৫৩ পিএম (ভিজিট : ০)

X
কেন্দুয়া থানা
নেত্রকোণার কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আসিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসিয়া খাতুন সাগুলি গ্রামের আমজদ আলী ফকিরের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুরুজ আলী ও রফিক গংদের সঙ্গে তাইজ্জ মিয়া গংদের ২১ শতাংশ বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস-বৈঠকও হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাইজ্জ মিয়া পক্ষ বিরোধপূর্ণ জমি দখলে নিতে গেলে অপর পক্ষ বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আসিয়া খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহতের ভাতিজার স্ত্রী জায়েদা বলেন, আমাদের ২১ শতাংশ জমি বুরুজ আলী দীর্ঘদিন ধরে জোর করে দখল করে রেখেছেন। আমরা নিরীহ মানুষ হওয়ায় ১০-১২ বার দরবার করেও জমি দখলে যেতে পারিনি। স্থানীয় দরবারে আমাদের পক্ষে রায় দেওয়ার পর জমি দখল করতে গেলে তারা আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় আমার চাচিশাশুড়ি আহত হয়ে মারা গেছেন। তারা এলাকার প্রভাবশালী মানুষ।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরিসহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকা পুলিশ মোতায়ন ও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।