প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:০৭ পিএম (ভিজিট : ০)

X
সড়ক অবরোধ
জামালপুরে গ্যাস সংকটের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকরা।
বৃহস্পতিবার সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বিসিক এলাকায় জাবেদ ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধ করেন তারা। চালকদের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার রাত ১০টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
সকাল থেকে ফিলিং স্টেশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন চালকরা। প্রায় তিন ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা।
জামালপুরের একমাত্র এই সিএনজি ফিলিং স্টেশনে জেলার সাত উপজেলা ছাড়াও আশপাশের তিন জেলার ছয় উপজেলার যানবাহন গ্যাস সংগ্রহ করে। ফলে গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা।
এদিকে মুল লাইনে গ্যাস না থাকায় বৃহস্পতিবার সকাল থেকে বাসাবাড়িতেও গ্যাস বন্ধ হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শহরের কাচারীপাড়া এলাকার গৃহিণী রাজিয়া সুলতানা জানান, সকাল থেকে গ্যাস জলে জলেনা অবস্থা। আধা ঘন্টার রান্না দেড় ঘন্টায় শেষ হয় না অবস্থা।
সরদারপাড়ার বাসিন্দা জামালপুর নাগরিক ভয়েস'র সভাপতি কাফি পারভেজ জানান, সকাল থেকে পুরো এলাকায় চুলায় গ্যাস নাই। এতে বাসাবাড়িতে গৃহিণীরা চরম দুর্ভোগে পড়েছেন। তিনি জামালপুরে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
জামালপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক দুর্জয় খকশী জানিয়েছে, জাতীয় গ্রীডে সমস্যার কারনে মূল লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে, তবে কখন স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।