প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:২১ পিএম (ভিজিট : ১)

X
নিহত মামুন মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জেরে মারামারির ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রীর লাথিতে মামুন মিয়া নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামের মৃধাবাড়িতে এ ঘটনা ঘটে। মৃত মামুন মিয়া (৪৫) মাঝিয়ারা গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত হালিমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মামুন মিয়ার স্ত্রী নয়ন তারার সঙ্গে তাঁর ছোট ভাই সুমনের স্ত্রী হালিমা খাতুনের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে মাঝিয়ারা গ্রামের মৃধা বাড়িতে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।
এ সময় হালিমা খাতুন মামুন মিয়ার বুকে লাথি মারলে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে লুটিয়ে পড়েন। পরে তাঁর মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী নয়ন তারা বাদী হয়ে হালিমা খাতুনকে আসামি করে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলার আসামি হালিমা খাতুনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।