প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:২৬ পিএম (ভিজিট : ০)

X
ফাইল ছবি
জয়পুরহাটের আক্কেলপুরে চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাক্প্রতিবন্ধী স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফেরদৌস মণ্ডল (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার সোনামুখী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত ফেরদৌস মণ্ডল একই এলাকার মৃত কিনা মণ্ডলের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভুক্তভোগী নারী আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ফেরদৌস চিকিৎসার কথা বলে ওই দম্পতির ঘরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি বাক্প্রতিবন্ধী স্বামীকে পানির সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দেন। পরে স্বামী-স্ত্রীকে তার সামনে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেন। এতে তারা অস্বীকৃতি জানালে ফেরদৌস ওই নারীর স্বামীকে গলা চেপে ধরে হত্যার হুমকি দেন। এরপর স্বামীর সামনে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরদিন বুধবার (১২ আগস্ট) ফেরদৌস আবারও ওই দম্পতির বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য ১ হাজার ৫০০ টাকা দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে মীমাংসা না হওয়ায় ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেন।
পরিবারের পক্ষ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
অভিযুক্ত ফেরদৌস মণ্ডলের বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। বাড়ির প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে।
আক্কেলপুর থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।