প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পিএম (ভিজিট : ১)

X
ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
আসন্ন ১৫ আগস্টকে কেন্দ্র করে যশোরের বেনাপোলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এরই মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া হাবিবুর রহমান হাবিব (৩৫) বেনাপোল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি বলে জানিয়েছে পুলিশ। তাঁর পিতা শওকত আলী।
পুলিশ সূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানায় দায়ের করা মামলা নম্বর-৩, তারিখ ৫ জুন ২০২৬-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ১০, ১১ ও ১২ ধারায় হাবিবুর রহমান হাবিবকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ আলী বলেন, “১৫ আগস্টকে সামনে রেখে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “বেনাপোলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে বেনাপোল এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, সীমান্তবর্তী এই অঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকলকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।