প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:২২ পিএম (ভিজিট : ১৯)

X
বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয়
যশোর শহরের পুরাতন কসবার ঢাকা রোড এলাকায় অবস্থিত নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কার্যালয়ের রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ শাহিন সকালে অফিস পরিষ্কার করতে গিয়ে একটি বেঞ্চ সরানোর সময় ইটের ফাঁকে কালো স্কচটেপ মোড়ানো ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় ব্যবসায়ী শরিফুল ইসলামকে জানান।
খবর পেয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে কোতোয়ালি মডেল থানায় খবর দিলে এসআই ফজলুর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।
যশোর সদর থানার এসআই ফজলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে কার্যালয়ের ভেতরে এটি রেখে যেতে পারে। তবে এ ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন।
৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।