
X
ব্যতিক্রমী উদ্যোগ
বন্ধুত্বের দীর্ঘ পথচলাকে মানবতার কল্যাণে রূপ দেওয়ার প্রত্যয়ে খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০২-এর উদ্যোগে প্রতিষ্ঠিত বন্ধন ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাজনগর উপজেলার মুন্সীবাজারে আয়োজিত অনুষ্ঠানে পুরোনো বন্ধুদের মিলন প্রিয় শিক্ষকদের সম্মাননা এবং মানবিক উদ্যোগের প্রত্যয়ে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
জুমার নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে শুরু হয় মূল উদ্বোধনী পর্ব। এতে খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক দেশে অবস্থানরত এসএসসি ব্যাচ-২০০২-এর সদস্য এবং দেশ-বিদেশে থাকা ব্যাচের বন্ধুদের সম্পৃক্ততায় গড়ে ওঠা উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মহতচ্ছিল আলী, বি.এসসি( স্বর্ণপদক প্রাপ্ত)
অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএসসি ব্যাচ-২০০২-এর সদস্য মো. মোতাহিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃন্ময় কান্তি ভট্টাচার্য্য,গৌরাঙ্গ চন্দ্র দত্ত,মো. আব্বাস আলী,সুভাষ চন্দ্র ঘোষ,মো. আব্দুল হান্নান,শেখ শফিকুল হক ও আব্দুল মতিন আখন্দ। এছাড়া উত্তরমুলাইম ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আবেগঘন পর্ব ছিল এসএসসি ব্যাচ-২০০২-এর পক্ষ থেকে সাবেক শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান। যাঁদের হাত ধরে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময় পার করেছেন সেই প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাবেক শিক্ষার্থীরা।
দীর্ঘ সময় পর শিক্ষক ও শিক্ষার্থীদের এমন মিলনমেলায় ফিরে আসে বিদ্যালয়জীবনের স্মৃতি। কেউ কর্মজীবনের প্রয়োজনে দেশে আবার কেউ প্রবাসে থাকলেও এসএসসি ব্যাচ-২০০২-এর বন্ধুত্বের বন্ধন এখনো অটুট বন্ধন ইলেকট্রনিক্স সেই বন্ধনেরই একটি দৃশ্যমান প্রতিফলন বলে জানান সংশ্লিষ্টরা।
উদ্যোক্তারা জানান, বন্ধন ইলেকট্রনিক্স শুধুমাত্র একটি ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়নি। এর সঙ্গে রয়েছে একটি সুস্পষ্ট মানবিক ও সামাজিক লক্ষ্য। প্রতিষ্ঠানটির কার্যক্রম থেকে অর্জিত শতভাগ লাভাংশ মানবতার কল্যাণে এবং বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করার প্রত্যয় নিয়েই এর যাত্রা শুরু হয়েছে।
ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থকে ব্যক্তিগত মুনাফার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কল্যাণে কাজে লাগানোর এই উদ্যোগকে ব্যাচের সদস্যরা দেখছেন দীর্ঘমেয়াদি সামাজিক দায়িত্ব পালনের একটি মাধ্যম হিসেবে। তাঁদের প্রত্যাশা সময়ের সঙ্গে বন্ধন ইলেকট্রনিক্স শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় বরং মানুষের পাশে দাঁড়ানোর একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্মে পরিণত হবে।
খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০২-এর সদস্যরা বলেন,জীবনের নানা ব্যস্ততা ও দূরত্ব তাঁদের বন্ধুত্বকে বিচ্ছিন্ন করতে পারেনি। বরং সেই পুরোনো সম্পর্ককে আরও অর্থবহ করে তুলতেই এই উদ্যোগ। দেশে ও বিদেশে অবস্থানরত বন্ধুদের ভালোবাসা সহযোগিতা ও শুভকামনাকে সঙ্গে নিয়েই ‘বন্ধন ইলেকট্রনিক্স এর পথচলা শুরু হয়েছে।
সাবেক শিক্ষকরা তাঁদের প্রাক্তন শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে শিক্ষার্থীরা যখন নিজেদের মধ্যে ঐক্য ও বন্ধুত্বকে কাজে লাগিয়ে সমাজের মানুষের জন্য কিছু করার উদ্যোগ নেয় তখন সেটি শুধু একটি ব্যাচের অর্জন নয় পুরো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয়।
অনুষ্ঠানে উপস্থিত ব্যাচের সদস্যদের মধ্যে ছিল দীর্ঘদিন পর একে অপরকে কাছে পাওয়ার আনন্দ শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভবিষ্যতে একসঙ্গে সামাজিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয়। মিলাদ ও দোয়া মাহফিলে বন্ধন ইলেকট্রনিক্স এর সফলতা সংশ্লিষ্ট সবার কল্যাণ এবং মানবতার সেবায় এই উদ্যোগকে কবুল করার জন্য বিশেষ দোয়া করা হয়।
একই বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে শুরু হওয়া বন্ধুত্ব আজ পেরিয়েছে সময় ও দূরত্বের সীমানা। সেই বন্ধুত্বই এবার পেয়েছে মানবতার সেবার নতুন ঠিকানা বন্ধন ইলেকট্রনিক্স।
এসএসসি ব্যাচ-২০০২-এর এই উদ্যোগ সফলভাবে এগিয়ে গেলে ব্যবসার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন দৃষ্টান্ত তৈরি হবে এমন প্রত্যাশা অনুষ্ঠানে উপস্থিত সাবেক শিক্ষক ব্যাচের সদস্য ও সংশ্লিষ্টদের।
বন্ধুত্বের বন্ধন থেকে মানবতার কল্যাণ বন্ধন ইলেকট্রনিক্স হয়ে উঠুক এসএসসি ব্যাচ-২০০২-এর দীর্ঘ বন্ধুত্ব ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল প্রতীক।