
X
শ্রীমঙ্গলে চায়ের গুণগত মান নিশ্চিতকরণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু
চায়ের গুণগত মান উন্নয়ন, আধুনিক উৎপাদন প্রক্রিয়া ও মান নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতা বাড়াতে শ্রীমঙ্গলে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) আয়োজিত ‘উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন ২০২৬’ এবং ‘Principles and Processes of Quality Tea Manufacturing’ শীর্ষক এ প্রশিক্ষণ ১৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শনিবার (১৫ আগস্ট) সকালে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ও যুগ্মসচিব ইয়াছমিন পারভীন তিবরীজি, সদস্য (গবেষণা ও উন্নয়ন), মোয়াজ্জেম হোসাইন, চা বোর্ডের সচিব মো. মমিনুর রশিদ, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকল হক, ন্যাশনাল টি ব্রোকার্সের চেয়ারম্যান মো. সাইফুল ইসমাইলসহ চা শিল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া বৃহত্তর সিলেট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, উত্তরাঞ্চলের পঞ্চগড় ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট টি প্লান্টার্স, জিএম, ডিজিএম, ব্যবস্থাপক, সহকারি ব্যবস্থাপক, টি ব্রোকার্স প্রতিনিধিসহ অন্যান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, প্রকল্প উন্নয়ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চায়ের গুণগত মান নিশ্চিত করতে উৎপাদনের পাশাপাশি সঠিক প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ এবং চা আস্বাদনের বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে সংশ্লিষ্টদের দক্ষতা বাড়ানো জরুরি।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের অবস্থান আরও শক্তিশালী করতে উন্নতমানের চা উৎপাদন ও গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে চায়ের গুণগত মান যাচাই, চা আস্বাদনের পদ্ধতি, চা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন ধাপ, মান নিয়ন্ত্রণ এবং উন্নতমানের চা উৎপাদনের নীতিমালা ও প্রক্রিয়া সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
বিটিআরআইয়ের গবেষণায়ও চা আস্বাদনকে চায়ের গুণগত মান ও বাজারমূল্য মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
আয়োজকরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং দেশের চায়ের গুণগত মান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।