প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:৪৩ পিএম (ভিজিট : ০)

X
মির্জাপুরে বসতঘর থেকে মা ও চার বছর বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহের জের ধরে নিজের সন্তানকে শ্বাসরোধে হত্যা করার পর নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা।
শুক্রবার উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামের রাজিব মিয়ার স্ত্রী কণিকা (২৫) ও তার শিশু সন্তান রাজিয়া (৪)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাজমিস্ত্রির কাজ করা রাজিব মিয়ার সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পরিবারিক কলহ চলে আসছিল। ধারণা করা হচ্ছে সেই কলহের জেরে মানসিক যন্ত্রণা সইতে না পেরে এই চরম পথ বেছে নেন কণিকা। ঘটনার সকালে ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ঘরের একটি জানালা ভেঙে ঘরে প্রবেশ করে শিশু সন্তানের নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে ও ফাঁসি অবস্থায় ওই নারীকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার উপ-পরিদর্শক(এসআই)সুমন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ দুটি উদ্ধার করে।প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে,প্রথমে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পরবর্তীতে মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।