প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:১৮ পিএম (ভিজিট : ১)

X
চাটখিলে সরকারি গাছ কাটার চেষ্টা পণ্ড: তদন্ত ও অনুমতি ছাড়া গাছ কাটা বেআইনি ঘোষণা বন কর্মকর্তার
নোয়াখালীর চাটখিলে সড়কের পাশের সরকারি গাছ কাটার এক বেআইনি প্রচেষ্টা উপজেলা বন কর্মকর্তার কঠোর হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী বেগ সড়কের আহমদ বেপারি বাড়ির সামনে রাস্তার পূর্ব পাশের সরকারি গাছ কাটতে শুরু করেন কয়েকজন শ্রমিক। স্থানীয় পর্যায় থেকে নির্দেশ পেয়ে তারা গাছ কাটছেন বলে জানান নিয়োজিত শ্রমিকেরা।
ঘটনার বিষয়ে চাটখিল উপজেলা বন কর্মকর্তা আকরাম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছ কাটার আগে অনুমতি নেওয়া হয়েছে দাবি করা হলেও প্রশাসনিকভাবে এমন কোনো সুযোগ বা অনুমতি দেওয়া হয়নি। গাছ কাটার বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিক কঠোর নির্দেশনা দেন, যার প্রেক্ষিতে সংশ্লিষ্টরা কাজ বন্ধ করে শ্রমিকদের সরিয়ে নিতে বাধ্য হয়।
উপজেলা বন কর্মকর্তা আকরাম হোসেন জানান, সড়কের পাশের সরকারি গাছ কারও সমস্যার কারণ হলে প্রথমে লিখিত আবেদন করতে হবে। এরপর সরেজমিনে তদন্ত শেষে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। কর্তৃপক্ষের চূড়ান্ত নির্দেশনার পরেই কেবল গাছের ডালপালা বা গাছ কাটা সম্ভব; এর বাইরে সরকারি গাছ কাটার কোনো আইনগত সুযোগ নেই।
সরকারি সম্পদ রক্ষায় সচেতন নাগরিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন এই কর্মকর্তা।