প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:১৮ পিএম (ভিজিট : ৯)

X
ভালুকায় আগুনে পুড়ে যাওয়া হার্ডওয়্যার দোকান পরিদর্শনে এমপি ফখর উদ্দিন
ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি হার্ডওয়্যার দোকান পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ছয়টার দিকে ভালুকা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ফুটওভার ব্রিজসংলগ্ন মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে একটি হার্ডওয়্যার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ দোকান থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ভালুকা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকানের মালিক মো. খালেদ হাসান দাবি করেন, আগুনে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তাঁর ধারণা, বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে।
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত দোকানটি পরিদর্শন করেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমানগনি মাখন, মুজিবুর রহমান মজু ও শাখাওয়াত হোসেন পাঠান।
এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।