প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:৩৫ পিএম (ভিজিট : ২)

X
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক ও সদস্যদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. নূর নবী ভূঁইয়া ও ইউনিয়ন পরিষদের সদস্যদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
স্থানীয় জনগণের পক্ষ থেকে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে রূপগঞ্জ ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
গত ১৪ জুলাই বিকেলে রূপগঞ্জ সদর ইউনিয়নের কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. নূর নবী ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাছুম বিল্লাহসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক ও সদস্যদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রূপগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা আরও বেড়েছে। জনগণের নাগরিক সেবা সহজতর করা, রাস্তা-ঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে জনপ্রতিনিধিদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।