নেত্রকোনাসহ দেশব্যাপী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ সুবিধা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। শনিবার প্রধান অতিথি হিসেবে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে দেশের ৬৪ জেলার প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশ নেন। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার তরিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা।
দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তারে অবদান রাখা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এ আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে। তাঁদের প্রাপ্য অবসর ভাতা ও কল্যাণ সুবিধা প্রদান দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতির পাশাপাশি শিক্ষকসমাজের প্রতি রাষ্ট্রের দায়িত্বশীলতা ও সম্মানের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা আশা প্রকাশ করেন, প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ফলে অবসরজীবনে তাঁদের আর্থিক স্বস্তি ও নিরাপত্তা আরও বাড়বে। একই সঙ্গে শিক্ষা ও শিক্ষকদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তাঁরা।