প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৬:৩৩ পিএম (ভিজিট : ০)

X
ইসমাইল জবিউল্লাহ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার কৃতী সন্তান মো. ইসমাইল জবিউল্লাহ। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে তার অন্তর্ভুক্তির খবরে লক্ষ্মীপুরের রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
দলের পক্ষ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে ইসমাইল জবিউল্লাহসহ রুহুল কবির রিজভী, আমান উল্লাহ ও ডা. ফরহাদ হালিমকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করার কথা জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মো. ইসমাইল জবিউল্লাহ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বাসিন্দা। তিনি বাংলাদেশ সরকারের সাবেক সচিব। ২০০৭ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। ২০১২ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ২০১৬ সালে তিনি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য বিএনপির গঠিত ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিতে ইসমাইল জবিউল্লাহকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবেও তিনি দলের প্রতিনিধিত্ব করেছেন।
সরকারি নথিতেও মো. ইসমাইল জবিউল্লাহর প্রশাসনিক পরিচয় পাওয়া যায়। ২০২৬ সালের সরকারি তথ্য অনুযায়ী তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
লক্ষ্মীপুরের এই কৃতী সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু।
তারা বলেন, ইসমাইল জবিউল্লাহর মতো একজন অভিজ্ঞ প্রশাসক ও রাজনীতিবিদ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে স্থান পাওয়ায় লক্ষ্মীপুরবাসী গর্বিত। তার অভিজ্ঞতা ও দক্ষতা দলের সাংগঠনিক কার্যক্রম ও দেশ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে ইসমাইল জবিউল্লাহর জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির খবরে কমলনগরসহ পুরো লক্ষ্মীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট দিতে দেখা গেছে।