প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৮:৪৭ পিএম (ভিজিট : ০)

X
পৃথক দুর্ঘটনা
গাজীপুরের কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো ১জন। আজ শনিবার (১৫আগষ্ট) বিকেলে উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার কালিয়াকৈর বাজার একটি অটোরিকশা যাত্রী নিয়ে চন্দ্রা ত্রিমোড়ের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোয়ালবাথান এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি প্রাইভেটকার পিছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি মহাসড়কের ওপর দুমড়ে মুচড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই অটোরিকশা চালক মারা যান। পরে আহত যাত্রীদের উদ্ধারের চেষ্টা কালে ঘাতক প্রাইভেটকার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর মধ্যেই সেখানে গরু বোঝাই দ্রুত গতির একটি ট্রাক পিছন থেকে যাত্রীবাহী একটি শ্যামলী পরিবহনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ দুজন মারা যান।
খবর পেয়ে এলাকাবাসী, পথচারী, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এসময় ওই হাসপাতালে কর্তব্য চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খাঁন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।