প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:২৫ পিএম (ভিজিট : ০)

X
মায়ের অপেক্ষায় তিন সন্তান, নয় মাসের শিশুকে নিয়ে বিপাকে বাবা
একটি মামলায় গ্রেপ্তার হয়ে দুই মাস ধরে কারাগারে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিন সন্তানের মা সাবিনা (২৮)। তার সবচেয়ে ছোট শিশুটির বয়স মাত্র নয় মাস। মায়ের অনুপস্থিতিতে স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে মায়ের ফেরার অপেক্ষায় দিন কাটছে তিন শিশুর।
সাবিনার স্বামী সফিক মিয়া ভাঙারি সংগ্রহ করে বিক্রি করে সংসার চালান। স্ত্রী কারাগারে থাকায় একদিকে সংসারের দায়িত্ব, অন্যদিকে তিন সন্তানের দেখাশোনা—সবকিছুই এখন তাকে একাই সামলাতে হচ্ছে। বিশেষ করে নয় মাসের শিশুকে খাওয়ানো, গোসল করানো ও সার্বক্ষণিক যত্ন নেওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছে।
আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস রেলগেট এলাকার খাদেম বাড়িতে একটি টিনের চালার ঘরে বসবাস করে পরিবারটি। স্ত্রীকে কারাগার থেকে মুক্ত করতে জামিনের আশায় আদালতের বারান্দায় ঘুরছেন সফিক মিয়া। এদিকে মায়ের অপেক্ষায় থাকা অবুঝ শিশুদের দিন কাটছে অনিশ্চয়তা ও কষ্টে।
জানা যায়, গত ১৭ জুন একটি বাচ্চাসহ সাবিনাকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে বাচ্চাসহ তাকে পুলিশে দেয়। খবর পেয়ে বাচ্চার অভিভাবক থানায় এসে বাচ্চাটি নিয়ে যায় এবং সাবিনার নামে বাচ্চা চুরির মামলা দেয়। এরপর থেকেই সে কারাগারে রয়েছে।
সফিক মিয়া বলেন, আমার স্ত্রী মানসিক অসুস্থ। সে বাচ্চা চুরি করেনি। কথার প্যাচে পড়ে জেল খাটছে। তিনটি সন্তান নিয়ে আমি খুব কষ্টে আছি। আমি গরীব মানুষ। কীভাবে তাকে জামিন করাবো। বাচ্চাগুলো সারাক্ষণ মার জন্য কান্নাকাটি করে। সাবিনার বড় ছেলে ইব্রাহিম কান্নাজড়িত কণ্ঠে বলে, অনেক দিন মাকে দেখি না। আমার মাকে এনে দাও।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, একটি শিশু বাচ্চাসহ সাবিনা আটক হয়। পরে বাচ্চার অভিভাবক চুরির অভিযোগে মামলা দেওয়ায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।