প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:০০ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহর, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও মৎস্যজীবীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, অবৈধভাবে মাছ শিকার বন্ধের পাশাপাশি মৎস্য সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ খাতের উৎপাদন আরও বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানের শেষে উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে তিনজন সফল মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।