প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৪৫ পিএম (ভিজিট : ১১)

X
ছবি: প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা সদরের দক্ষিণ আউড়া খালের ওপর নির্মিত ব্রিজটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। উপজেলা সদরে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মানুষসহ স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ছয় মাস ধরে ব্রিজটির সংস্কারকাজ বন্ধ থাকায় চলাচলের স্বাভাবিক পথ ব্যাহত হচ্ছে। ঝুঁকিপূর্ণভাবে পারাপারের সময় শিশু ও বয়স্কসহ বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন। সম্প্রতি ব্রিজ থেকে পড়ে গিয়ে এক বৃদ্ধের হাত ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান।
দীর্ঘদিন ধরে ব্রিজটির এমন দুরবস্থা দেখে স্থানীয় বাসিন্দা ও দিনমজুর মোহাম্মদ আবুল কালাম নিজ উদ্যোগে পথচারীদের চলাচলের ব্যবস্থা করেন। কোন প্রকার পারিশ্রমিক বা আর্থিক সহায়তা না নিয়ে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে সুপারি গাছ সংগ্রহ করে ব্রিজের ওপর অস্থায়ীভাবে চলাচলের পথ তৈরি করে দেন।
দিনমজুর কালামের এই উদ্যোগে আপাতত ঝুঁকি কিছুটা কমেছে এবং পথচারীরা স্বাভাবিকভাবে ব্রিজটি পার হতে পারছেন। তাঁর এমন মানবিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা বলেন, একজন দিনমজুর নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন। কিন্তু এটি স্থায়ী সমাধান নয়। তাই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত সংস্কারকাজ শুরু করে ব্রিজটি চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।
একই সঙ্গে জেলা পরিষদের প্রশাসক ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগ করে দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে এ বিষয়ে শত চেষ্টার পরও যোগাযোগ সম্ভব হয়নি।
এ বিষয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন জানান- বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।