প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:৪৩ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় খুলনার ডুমুরিয়া উপজেলাতেও উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদযাপন শুরু হয়েছে।
উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে রবিবার সকালে জাতীয় মৎস্যপক্ষের প্রথম দিনের কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত র্যালিটি উপজেলা ক্যাম্পাস ও খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান তুলে ধরা হয়। এরপর উপজেলা জোবায়দ আলী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার। তিনি বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান রিগানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন ও মাস্টার সেলিম হালদার।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, খামার মালিক, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।