প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:৪৫ পিএম (ভিজিট : ১)

X
ছবি: প্রতিনিধি
বিএনপি'র সাবেক চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পার্বত্য জেলা খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি'র পক্ষ থেকে মাটিরাঙ্গার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়বও মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজে'র শিক্ষার্থীদের মাঝে এ সকল চারা বিতরণ করা হয়।
ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির এসব চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।
চারা বিতরণকালে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান বক্তারা।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, “বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করে। শিক্ষার্থীরা এসব চারা রোপণ ও পরিচর্যা করলে এ উদ্যোগ সফল হবে।
চারা বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নুরুল আবছার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আবুল খায়ের, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদস্য মো.দিদার হোসেন, মাটিরাঙ্গা পৌর ছাত্রদল নেতা শাহিন, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জালাল উদ্দিন লিয়ন ও সাধারণ সম্পাদক আরিফুল কাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হলে তারা উৎসাহের সঙ্গে এসব চারা গ্রহণ করেন এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় রোপণ ও পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করেন।