
X
ছবি: প্রতিনিধি
‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য পক্ষ উদযাপন কমিটি, মনোহরদীর আয়োজনে প্রথমে উপজেলা চত্বর থেকে মৎস্য খামারি ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা সভাকক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাফি আফরোজ সনি, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সাবেক ভিপি গোলাম মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য খামারি, বীর মুক্তিযোদ্ধা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মৎস্য খাতের উন্নয়নে গুরুত্বারোপ
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ব্যবহার করে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে।
মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা সমাধান, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সেরা মৎস্য খামারিদের পুরস্কার বিতরণ
অনুষ্ঠানের শেষপর্বে উপজেলার সেরা ও সফল মৎস্য খামারিদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। অতিথিরা বিজয়ী খামারিদের অভিনন্দন জানান এবং মৎস্য উৎপাদনে তাদের অবদানের প্রশংসা করেন।
র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী মৎস্য খামারিরা এ ধরনের আয়োজনের মাধ্যমে মৎস্যচাষে আরও উৎসাহিত হওয়ার কথা জানান।