প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:১৩ পিএম (ভিজিট : ০)

X
আংশিক কমিটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহ সিরাজ কুতুবীকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২১ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া এবং মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবু ভাই স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহ সিরাজ কুতুবীকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির পত্রে আগামী তিন মাসের মধ্যে জগন্নাথপুর উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সুনামগঞ্জ জেলা ও কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে সংগঠনের গঠনতন্ত্রের আইন-কানুন মেনে সংগঠন পরিচালনার উপর গুরুত্বারোপ করা হয়।
পত্রে আরও বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র ও রাষ্ট্র বিরোধী কোনো কাজে জড়িত থাকলে কমিটি বাতিল বলে গণ্য হবে। কমিটির মেয়াদকাল এক বছর নির্ধারণ করা হয়েছে। কমিটির সদস্য বৃদ্ধি, পরিবর্তন ও বাতিলের সকল ক্ষমতা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সংরক্ষণ করবে।
একই সাথে পত্র জারীর ১৫ দিনের মধ্যে জাঁকজমকপূর্ণ পরিচিতি সভা আয়োজন এবং স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
কমিটির অনুমোদনের পর নবনির্বাচিত সভাপতি শাহ সিরাজ কুতুবী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করেই আমরা কাজ করবো। আমাদের পিতারা দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন। তাদের সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করে 'মানব সেবাই আমাদের উদ্দেশ্য' এই স্লোগান বাস্তবায়নে আমরা সকলে একযোগে কাজ করবো।
সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান বলেন, কেন্দ্রীয় কমিটির প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের উপর যে আস্থা রাখা হয়েছে তার যথাযথ মর্যাদা দেবো। আগামী ৩ মাসের মধ্যে সকল ইউনিয়নে কমিটি গঠন করে তৃণমূল পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করবো। মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণ এবং এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের প্রধান কাজ।
১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশকে সমৃদ্ধ ও কলঙ্কমুক্ত রাখতে মুক্তিযোদ্ধা সন্তানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সেই চেতনাকে সামনে রেখে দেশব্যাপী মানবসেবা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। জগন্নাথপুর উপজেলা কমিটিও একই আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।