প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৫০ পিএম (ভিজিট : ১)

X
ফাইল ছবি
নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে ‘জয় বাংলা’ শ্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৪২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে।
মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এসব আসামিদের অধিকাংশের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে , গত ১৪ আগষ্ট রাতে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের এড়েন্দা বাসষ্ট্যান্ডের পশ্চিমপাশে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও কাঠের গুড়ি ‘জয় বাংলা’ শ্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। রাতেই এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ১৬ আগষ্ট উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের হাসান মোল্যা বাদী হয়ে লোহাগড়া থানায় নাশকতার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।
মামলায় কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান, মুজিবুর রহমান, নাহিদ মোল্লা ও হৃদয় শেখসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। মামলা নং- ১২।, তারিখ-১৬/৮/২৬।
মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই কুমারেশ বিশ্বাস জানান, দায়েরকৃত আসামিরা গা ঢাকা দেওয়ায় কোন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। তবে আসামিদের আটকের জন্য পুলিশ ততপর রয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ১৫ আগষ্টকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হয়েছে এবং আসামিদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।