সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত রহস্য উদঘাটন, জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহত এমএ সাত্তার ও সুরাইয়া বেগমের সন্তানেরা।
সোমবার সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর নিজ বাসায় সংবাদ সম্মেলন করে তারা এসব দাবি জানান। গত ১২ আগস্ট ওই বাসায় আওয়ামী লীগ নেতা ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এমএ সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা খুন হন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত দম্পতির ছেলে আরিফ ইফতেখার। এ সময় তাঁর তিন বোন তাহমিনা, সেলিনা ও তারানা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও সুষ্ঠুভাবে মামলার তদন্ত শেষ করার আহ্বান জানান। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রভাবশালী কেউ যেন পার পেয়ে না যান, সেদিকে নজর রাখার অনুরোধ করেন তারা।
আরিফ ইফতেখার বলেন, ‘পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে মামলা সিআইডির কাছে হস্তান্তরের আহ্বান জানাব।’
প্রসঙ্গত, গত ১২ আগস্ট সকালে রায়নগর এলাকার মিতালী ১১১ নম্বর বাসায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত এমএ সাত্তার ও সুরাইয়া দম্পতির চার সন্তানের মধ্যে দুই সন্তান লন্ডন ও দুই সন্তান আমেরিকায় থাকেন। ঘটনার দিন বিকেলে রায়নগর রাজবাড়ি এলাকার আক্তার মিয়ার কলোনির বাসিন্দা বাবুল মিয়াকে (৪০) আটক করে পুলিশ। পরে রবিবার তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।