প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৪২ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ৫:৫০ পিএম (ভিজিট : ২)

X
সদরপুর থানা
ফরিদপুরের সদরপুরে চলন্ত ইজিবাইকের ধাক্কায় ফারদিন (৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের মধু মণ্ডলের ডাঙ্গী গ্রামের কারীরহাট এলাকায় পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারদিন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৌলডুবী গ্রামের বাচ্চু মাতুব্বরের ছেলে। সে মধুমন্ডলের ডাঙ্গী শিকদর বাড়ি মসজিদ ও মাদ্রাসায় মক্তব বিভাগে পড়াশোনা করত এবং মামাবাড়িতে থেকে লেখাপড়া করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে মধু মণ্ডলের ডাঙ্গী কারীরহাট এলাকা থেকে সদরপুরের দিকে যাচ্ছিল একটি ইজিবাইক। এ সময় সড়কে থাকা ফারদিনকে ইজিবাইকটি ধাক্কা দিলে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ বলেন, ইজিবাইকের ধাক্কায় এক মাদরাসা শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।