প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:০৮ পিএম (ভিজিট : ১)

X
আহত ২০
ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে এবং ট্রাকটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে আটকে যায়। এতে তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরের দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরগামী লোকাল যাত্রীবাহী বাসটির (ফরিদপুর-ব-১১০৫২) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। অন্যদিকে ট্রাকটি রাস্তার পাশে থাকা বিদ্যুৎ সাবস্টেশনের গেটসংলগ্ন খুঁটিতে ধাক্কা লেগে আটকে যায়। দুর্ঘটনায় বাস ও ট্রাকের চালক-হেলপারসহ অন্তত ২০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. কোবায়েদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহযোগিতায় সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। উভয় যানবাহনের চালক ও হেলপার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।