প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:০২ পিএম (ভিজিট : ১)

X
বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
পটুয়াখালীর বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ইউসুফ রাঢ়ি (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউপির ১নম্বর ওয়ার্ড এলাকার কমলাপুর স্কুল সংলগ্ন রাস্তার ওপরে ঘটে এ ঘটনা।
স্থানীয় লোকজন জানায়, আগের দিন রোববার সকালের দিকে রাস্তা দিয়ে একটি ভ্যাকু মেশিন নেয়ার সময় পল্লীবিদ্যুতের খুঁটি থেকে একটি তার বিচ্ছিন্ন হয়। এরপর স্থানীয়রা খবর দিলে পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিসের লোকজন ঘটনাস্থলে এলেও লাইনের আওতায় থাকা কয়েকজন গ্রাহকের কাছে ছেঁড়া তার মেরামতের জন্য টাকা দাবি করেন।
এ সময় টাকা দিতে ব্যর্থ হলে বিপদজনক অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকলেও ছেঁড়া তার মেরামত না করেই ফিরে যায় তারা। দুপুরে গরুর ঘাস কাটতে গেলে মাটিতে পড়ে থাকা ওই ছেঁড়া তারে জড়িয়ে মর্মান্তিক মৃত্যু হয় ইসহাক রাঢ়ির ছেলে চার মেয়ের জনক কৃষক ইউসুফ রাড়ি।
এ ঘটনার পর ওই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। লোকজন পল্লী বিদ্যুতের মমিরপুর জোনাল অফিস ঘেরাও করে রেখেছে। উপস্থিত লোকজন পল্লীবিদ্যুতের কর্মচারীদের উদ্দেশ্য করে নানা ধরনের বিব্রতকর মন্তব্য করছেন।
এদিকে ঘটনার বিষয়ে জানতে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী পল্লীবিদ্যুতের বাউফল জোনাল অফিসের ডিজিএম, এজিএমকম সহ জরুরী অভিযোগ নম্বরে একাধিকবার ফোন করা হলেও কেউই রিসিভ করছেন না।
এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনা শুনে পরিস্থিতি নিয়ন্ত্রনে ফোর্স পাঠানো হয়েছে। আমিও স্বশরীরে সেখানে রয়েছি।