প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:৪৮ এএম (ভিজিট : ১)

X
ছবি : প্রতিনিধি
পরিবেশের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ক্লিনিক পরিচালনার অভিযোগে টাঙ্গাইলের কালিহাতীতে তিনটি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে কালিহাতী উপজেলা সদরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন উপস্থিত ছিলেন।
অভিযানে পরিবেশের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে কালিহাতী সদরের বিসমিল্লাহ ক্লিনিককে ৫ হাজার টাকা, কালিহাতী পপুলার হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং তানিজা ডিজিটাল হসপিটালকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি ক্লিনিক ও হাসপাতালে পরিদর্শন করা হয়। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার সব ক্লিনিক ও হাসপাতাল মালিককে আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সম্পন্ন করে প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র হালনাগাদ না করলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।