প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:২০ এএম আপডেট: ১৮.০৮.২০২৬ ১১:৩৩ এএম (ভিজিট : ২)

X
স্কুলে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল ৯ বছরের শিপার, সড়ক অবরোধ
মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শিপা মনি (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপা মনি ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইসতামুল হকের মেয়ে। সে ফুলবাড়ী পৌর শহরের নর্থ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার মা রিক্তা পারভিন ওই বিদ্যালয়ে আয়া হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার সময় বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় মহাসড়ক পার হচ্ছিল শিপা। এ সময় দিনাজপুর থেকে বিরামপুরগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস (শাহী ঢাকা মেট্রো-ব-১২-৩৩১৫) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিপার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। দুর্ঘটনার প্রতিবাদ ও দায়ী চালককে গ্রেপ্তারের দাবিতে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ লোকজন। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যান চলাচল ব্যাহত হয়।
পরে সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাসানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয়রা।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আলম বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। তবে বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছেন। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।