প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:২৬ এএম (ভিজিট : ০)

X
নেইমার
গোলরক্ষক ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করলে এবার তার শাস্তির খেসারত দিতে হবে দলের অন্য একজন খেলোয়াড়কে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া নতুন এই নিয়মে গোলরক্ষক সময় নষ্ট করলে এক মিনিটের জন্য দলের একজন খেলোয়াড়কে মাঠের বাইরে থাকতে হবে।
ব্রাজিলের সিরি আ-তে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই নিয়ম। আর এর প্রথম শিকার হয়েছেন সান্তোসের অধিনায়ক ও ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে নিয়মভঙ্গের ঘটনায় নেইমারের কোনো দায় ছিল না। গোলরক্ষকের সময়ক্ষেপণের কারণে নিয়মের বেড়াজালেই পড়ে মাঠের বাইরে যেতে হয় তাকে।
ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে বল নিজের নিয়ন্ত্রণে রাখার কারণে গোলরক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী, গোলরক্ষকের পরিবর্তে তাঁর দলের একজন সতীর্থকে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হয়। সেই নিয়মের প্রয়োগেই নেইমারকে মাঠের বাইরে পাঠানো হয়।
নেইমারের মতো দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে এমন পরিস্থিতিতে মাঠ ছাড়তে হওয়ায় ঘটনাটি দ্রুতই আলোচনায় এসেছে। বিশেষ করে, যেখানে শাস্তি পাওয়া খেলোয়াড়টির নিজস্ব কোনো অপরাধ ছিল না, সেখানে নতুন নিয়মটির কার্যকারিতা ও ন্যায্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
নতুন এই নিয়মের মূল উদ্দেশ্য গোলরক্ষকদের অযথা সময়ক্ষেপণ বন্ধ করা এবং ম্যাচের খেলার সময় বাড়ানো। পরীক্ষামূলক প্রয়োগের মাধ্যমে নিয়মটি কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়। তবে শুরুতেই নেইমারের মতো তারকার মাধ্যমে নিয়মটির প্রয়োগ ফুটবল বিশ্বে বেশ আগ্রহ তৈরি করেছে।
প্রিমিয়ার লিগসহ অন্য প্রতিযোগিতাগুলোতেও এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। কোনো গোলরক্ষক চিকিৎসার জন্য খেলা বন্ধ থাকলে খেলা শুরু করতে কোচকে তাৎক্ষণিকভাবে অবশ্যই এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠাতে একজন আউটফিল্ড খেলোয়াড়কে নির্বাচিত করতে হবে। কোচ যদি ১০ সেকেন্ডের মধ্যে সেই একজন খেলোয়াড়কে নির্বাচন করতে না পারে, তাহলে দলের অধিনায়ককে মাঠ ছাড়তে হবে।
সোমবার (১৬ আগস্ট) ভাস্কোর বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে এই নিয়ম প্রথবার ব্রাজিলিয়ান শীর্ষ লিগে প্রয়োগ করা হয়েছে। গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসার জন্য অনুরোধ করেন। কিন্তু সান্তোস কোচ ১০ সেকেন্ডের মধ্যে কোন খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নেবেন, সেই সিদ্ধান্ত নিতে পারেননি। আর তাই অধিনায়ক নেইমারকে মাঠ ছাড়তে বলেন রেফারি।