প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৯:৩২ এএম (ভিজিট : ১৪৬)

X
ফুটবল ফেডারেশন অব শ্রীলঙ্কাকে (এফএফএসএল) অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শনিবার (২১ জানুয়ারি) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়। ফুটবল ফেডারেশনের কাজে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
নিষেধাজ্ঞার ব্যাখ্যায় বলা হয়, ফিফার নির্ধারিত রোডম্যাপ থেকে বিচ্যুত হয়েছেন শ্রীলঙ্কান ফুটবলের নিয়ন্ত্রকরা। গত ১৪ জানুয়ারি শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিবৃতিতে ফিফা বলেছে, শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশনের কোনো প্রতিনিধি এবং ক্লাবগুলো নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। ফিফার আইন অনুযায়ী, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এফএফএসএল-কে সকল প্রকার সদস্যপদ বরখাস্ত করা হয়েছে।
ফিফার জেনারেল সেক্রেটারি ফাতমা সামৌরার সই করা চিঠিতে আরও বলা হয়, ‘নিষিদ্ধ থাকা অবস্থায় গঠনতন্ত্রের ১৩ ধারা অনুসারে সদস্যের সুযোগ-সুবিধা পাবে না এফএফএসএল। এর কোনো সদস্য বা কর্মকর্তা ফিফা ও এএফসির উন্নয়ন কার্যক্রম, কোর্স বা ট্রেনিংয়ের সুবিধাও পাবে না।’
এর আগে ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের কারণে ভারতকে নিষিদ্ধ করেছিল ফিফা। অভিযোগের ব্যাপারে সঠিক ব্যবস্থা নেওয়ায় পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। একই কারণে ২০২১ সালে পাকিস্তানকেও নিষিদ্ধ করেছিল ফিফা।
বাবু/পিকু