প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৪ এএম (ভিজিট : ১৫০)

X
মাতৃভূমি না হলেও, তুরস্ক ও সিরিয়া সীমান্তে আঘাত হানা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় হাত বাড়ালেন নাপোলি ডিফেন্ডার কিম-মিন জাই। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দক্ষিণ কোরিয়ার এই ডিফেন্ডার দান করেছেন ৭৫ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ লাখ টাকা।
গত মৌসুমে তুরস্কের ক্লাব ফেনারবাচেতে খেলেছেন কিম। চলতি মৌসুমের শুরুতে তাকে কিনে নেয় ইতালিয়ান ক্লাব নাপোলি। এক মৌসুম তুরস্কে কাটিয়েই দেশটির প্রতি মায়া জেগে গিয়েছে ২৬ বছর বয়সী এই ডিফেন্ডারের। যার কারণে এবার ক্ষতিগ্রস্তদের আর্থিকভাবে সহায়তা করলেন কিম।
দি কোরিয়ান কমিটি ফর ইউনিসেফ জানিয়েছে, কিম এই অর্থ তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দান করেছেন। কিমের অর্থ দিয়ে মূলত দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের জরুরি ভিত্তিতে সহায়তা করা হবে।
তুরস্ক ও সিরিয়া সীমান্তে গত ৬ ফেব্রুয়ারি ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়। এ বিপর্যয়ে অনেক ক্ষয়ক্ষতির পাশাপাশি ৩৩ হাজারের বেশি মানুষ নিহত গেছেন। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৫০ হাজারে। অনেক ক্রীড়াবিদও এই বিপর্যয়ে মারা গেছেন।
এর আগে ভূমিকম্পে তুরস্কের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। পূর্বপুরুষদের আবাসস্থল তুরস্কে হওয়ায় শেকড়ের টানে নীরব থাকতে পারেননি বিশ্বকাপজয়ী এ ফুটবলার। যার কারণে এমন দুর্যোগে মন কেঁদেছে জার্মান এই মিডফিল্ডারের।
বাবু/এ আর