বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের সামনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

পরপর দুটো বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে ছিটকে পড়াটাই যে ইংল্যান্ডের ওয়ানডে দলকে বদলে দিয়েছে, দিন দুই আগে সংবাদ

2023-03-01T11:08:59+00:00
2023-03-01T11:08:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের সামনে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ১১:০৮ এএম   (ভিজিট : ১৫৩)
X


পরপর দুটো বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে ছিটকে পড়াটাই যে ইংল্যান্ডের ওয়ানডে দলকে বদলে দিয়েছে, দিন দুই আগে সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের সীমিত ওভারের দলের অধিনায়ক জস বাটলার সেটা মেনেও নিয়েছেন।

একটা সময়ে ওয়ানডেতে ইংল্যান্ড ছিল মাঝারি শক্তির একঘেয়ে একটা দল, ২০১৫ বিশ্বকাপের পর সেই দলটা স্রেফ মানসিকতা বদলে এমন আক্রমণাত্মক ক্রিকেট খেলা শুরু করল যে, চার বছরের মাথায় ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন।

অন্যদিকে ২০১৫ বিশ্বকাপের সাফল্যের রেশ ধরে বিশ্বকাপ পরবর্তী সময়ে দেশে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারালেও সেই ধারাটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দেশে সফল হলেও দেশের বাইরে সাফল্যের হার কম।

এই দুই দল বুধবার নামছে মুখোমুখি লড়াইয়ে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে তারা।

২০১৬ সালে ইংল্যান্ড যখন শেষবার বাংলাদেশ সফরে এসেছিল তখন কোচ ছিলেন চান্দিকা হাথুরুসিংহে। এরপর টেমস ও বুড়িগঙ্গায় অনেক জল গড়িয়েছে। ইংল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্বকাপ জিতেছে। বাংলাদেশের কোচের চেয়ারে হাথুরুসিংহের পর স্টিভ রোডস, রাসেল ডমিঙ্গোর পর ফের হাথুরুসিংহে। বাংলাদেশের উন্নতির ধারাটা হাথুরুসিংহে পরবর্তী অধ্যায়ে ঠিক পথে এগোয়নি বলেই ফের এই লঙ্কান শরণ, অন্যদিকে তিন সিংহের গর্জনে প্রকম্পিত চারদিক।

কোচ হাথুরুসিংহে আর কিউরেটর গামিনি ডি সিলভার পুরনো রসায়নে ২০১৬ সালে টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। এই দুজন আবারও এক হয়েছেন বলেই ২২ গজের আয়তক্ষেত্র নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে, শোনা যাচ্ছে বিশেষ ‘কাটগ্রাস’ উইকেটের কথা। মঙ্গলবার দিনভর উইকেটের পরিচর্যা করলেন মাঠকর্মীরা। দুপুর ১২টায় ম্যাচ শুরু, তাই শিশিরের প্রভাব ম্যাচে থাকবে কম।

দিন পনের আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল খেলে যাওয়া ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি আশা করছেন ভালো উইকেটেই খেলা হবে, ‘আমি ঠিক নিশ্চিত নই, আসলে নির্ভর করে মাঠকর্মীরা গত দুই সপ্তাহ ধরে কেমন উইকেট বানায় তার ওপর। তবে এখানে সাধারণত ভালো উইকেটই হয়ে থাকে, ঢাকা তো ব্যাটিংয়ের জন্য খুব দারুণ জায়গা। তবে অবশ্যই সব নির্ভর করবে বাংলাদেশ কোনো নির্দিষ্ট প্রকৃতির উইকেট চেয়েছে কি না।

যদিও বাটলার দিন দুই আগে বলেছেন, ঢাকার প্রথাগত ধীরগতির নিচু বাউন্সের উইকেটই প্রত্যাশা করছেন এবং সেভাবেই প্রস্তুতি সেরেছেন, ‘আমরা ধরে নিয়েছি, ধীরগতির নিচু বাউন্সের উইকেটই হবে। কন্ডিশনটা কঠিনই হওয়ার কথা আমাদের জন্য। আমরা আসলে সেটাই চাই, কঠিন পরিস্থিতিতে নিজেদের বাজিয়ে দেখতে চাই।’

দুই দলের ওয়ানডেতে সবশেষ দেখা ২০১৯ সালের বিশ্বকাপে, কার্ডিফে। যে ম্যাচটা বাংলাদেশ হেরেছিল ১০৬ রানে। সেই আসরেই নিউজিল্যান্ডকে ফাইনালে সুপার ওভারে বাউন্ডারি আইনে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। তাই বলা যায়, বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের সঙ্গে এবারই প্রথম দেখা হচ্ছে বাংলাদেশের।

তাতে করে খেলোয়াড়দের ভেতর ভালো করার তাড়নাটা তীব্র কি না জানতে চাইলে হাথুরুসিংহের উত্তর, ‘ইংল্যান্ডকে দেখে যদি আমাদের উদ্দীপ্ত করতে হয়, তাহলে সেটা সঠিক পদ্ধতি নয়। আমরা জাতীয় দলে খেলছি, সবসময় সেটাই আমাদের উদ্দীপ্ত করে রাখার জন্য যথেষ্ট। আমরা সবসময়েই ভালো করতে চাই। ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন, তাদের একটা দল বিশ্বের একপ্রান্তে খেলছে আর আরেকটা দল এই প্রান্তে খেলবে। ওদের দলে প্রতিভাবান ক্রিকেটার অনেক। আমরা আমাদের পরখ করতে চাই, খুঁজে বের করতে চাই সেই জায়গাগুলো যেখানে আমাদের উন্নতি করা দরকার।’

এখন পর্যন্ত ২১টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের জয় চারটিতে এবং ইংল্যান্ডের জয় ১৭টিতে।

-বাবু/এ.এস





  বিষয়:   বিশ্বকাপ  ইংল্যান্ড 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy