প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ১১:১১ পিএম (ভিজিট : ১৬১)

X
জাতীয় দলের হয়ে প্রথম ডাক পান ২০১৫ সালে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র টি টোয়েন্টি ম্যাচ খেলার পর ছিটকে যান রনি তালুকদার। দীর্ঘ ৮ বছর পর আবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দলে ডাক পাওয়ার খবরে রনি যতটা না রোমাঞ্চিত তার চেয়ে বেশি আপ্লুত তার পরিবার। রনি বলেন, আমার জাতীয় দলে ফেরার খবরে আব্বু কেঁদেছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে রনি তালুকদার করেছিলেন ২২ বলে ২১ রানের ইনিংস। এবার জাতীয় দলে ফেরার পথে রনির জন্য মুখ্য ভূমিকা রেখেছে গেল বিপিএলের পারফরম্যান্স। রংপুর রাইডার্সের হয়ে ১৩ ইনিংসে ১২৯ স্ট্রাইক রেটে ৪২৫ রান করেছেন রনি। তিনি ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ফলে তিনি জাতীয় দলে ফিরছেন, এমন সম্ভাবনা ছিল বেশ।
দীর্ঘদিন পর দলে ডাক পাওয়ার খবরে তাই রোমাঞ্চিত রনি তালুকদার। একাদশে জায়গা পেলে পারফর্ম করাটাও চ্যালেঞ্জ মানছেন তিনি। তিনি বলেন, ‘চ্যালেঞ্জ তো ভালো খেলার। এত দিন যেভাবে খেলছি, বিপিএলটা যেভাবে খেলছি সেটা যদি খেলতে পারি আল্লাহর রহমতে, এটাই শুকরিয়া। যেন বাংলাদেশকে কিছু রিপ্রেজেন্ট করতে পারি।’
বাবু/এসআর