প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১১:৫৫ পিএম (ভিজিট : ১৩১)

X
টানা দুই দাপুটে জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবার চট্টগ্রামে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকরা। ম্যাচ শুরু বেলা ২টায়।
বাংলাদেশের সামনে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার মিশন। সে লক্ষ্যে বাঘের মতোই খেলবে বাংলাদেশ। এমনটিই জানিয়েছেন দলের ওপেনার রনি তালুকদার।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটি পান রনি। ৩৮ বলে খেলেন ৬৭ রানের ইনিংস। জেতেন ম্যাচ সেরার পুরস্কারও। দ্বিতীয় ম্যাচেও উজ্জ্বল তিনি। রেকর্ড ১২৪ রানের উদ্বোধনী জুটি গড়ার পথে খেলেন ২৩ বলে ৪৪ রানের ইনিংস।
চট্টগ্রামে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রনি বললেন, দল আগ্রাসী মনোভাবে আছে। একই ছন্দে এগিয়ে যাওয়ার আহ্বান দেয়া হয়েছে অধিনায়কের পক্ষ থেকে।
তিনি বলেন, ‘সাকিব ভাই কিংবদন্তি ক্রিকেটার। উনার সঙ্গে আবাহনীতে খেলেছি প্রায় ১২ বছর আগে। তখন একই ইনটেন্ট, একই মনমানসিকতা উনার ভেতরে ছিল। উনি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেন, ডমিনেট করার চেষ্টা করেন। উনার যে ডমিনেটিং চিন্তাভাবনা, সেটা দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন যে, আমরা খেলব, বাঘের মতো খেলব। আমরা ডমিনেট করার চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘আমাদের ভয়ডর থাকবে না, আমরা সবসময় ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে যাব। হতে পারে কখনও আমরা ব্যর্থ হব, আবার সফল হব। তবে যদি আমরা এই জিনিসটা ধরে রাখতে পারি, এটা ধারণ করে চললে আমাদের সাফল্যের পরিমাণ বৃদ্ধি পাবে। কোচ-অধিনায়কের চিন্তাভাবনা একই।
বাবু/মম